প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক বিববণ অথবা বিদেশী সাহিত্যের ভূমিকা আলোচনা করো।পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার ইতিহাস মাইনর।
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে দেশীয় উপাদানের (যেমন—সাহিত্যিক বা প্রত্নতাত্ত্বিক) পাশাপাশি বৈদেশিক বিবরণ বা বিদেশী সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।যেখানে প্রাচীনকালে বহু বিদেশী পরিব্রাজক, বণিক ও দূত ভারতে এসেছিলেন। তাঁদের লেখনীতে সমকালীন ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় পরিস্থিতির এক অনন্য চিত্র ফুটে উঠেছে। আর সেই চিত্রে আমরা দেখি-
গ্রিক ও রোমান বিবরণ।যেটি খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে গ্রিক ঐতিহাসিক ও পর্যটকরা ভারতের কথা লিপিবদ্ধ করেছেন।যেখানে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস (ইতিহাসের জনক) তাঁর লেখায় ভারতের উল্লেখ করেছেন। যদিও তাঁর তথ্যগুলি কিছুটা কিংবদন্তিনির্ভর, তবুও এটি প্রাচীন ভারতের সঙ্গে পারস্যের সম্পর্কের ইঙ্গিত দেয়।শুধু তাই নয়-
আলেকজান্ডারের অভিযানের সঙ্গে আসা নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস প্রমুখের বিবরণ থেকে তৎকালীন উত্তর-পশ্চিম ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। বিশেষ করে মেগাস্থিনিসের'ইন্ডিকা' গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা, সমাজ ও পাটলিপুত্র নগরী সম্পর্কে জানার প্রধান উৎস।তবে-
পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি অর্থাৎ ভারত মহাসাগর ভ্রমণ এই অজানা লেখকের গ্রন্থটি প্রথম শতাব্দীর ভারত মহাসাগরের বাণিজ্যিক পথ এবং ভারতের সাথে রোমান সাম্রাজ্যের বাণিজ্য সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে।ড. রমেশ চন্দ্র মজুমদার এই বইটির গুরুত্ব চিহ্নিত করতে গিয়ে বলেছেন-
"বইটিকে সোনা দিয়ে ওজন করা যায়।"
চীনা পরিব্রাজকদের বিবরণ হতে আমরা জানতে পারি যে,বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হয়ে অনেক চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন। তাঁদের বিবরণ অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং কালানুক্রমিক।আর সেখানে ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিনি ভারতে আসেন। তিনি বৌদ্ধধর্মের প্রসার এবং তৎকালীন ভারতের শান্তিপূর্ণ সমাজব্যবস্থার কথা লিখে গেছেন।আবার ফাহিয়েনের পাশাপাশি-
হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি দীর্ঘকাল ভারতে অবস্থান করেন। তাঁর 'সি-ইউ-কি' (Si-Yu-Ki) গ্রন্থে হর্ষের শাসনকাল, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ভারতের অর্থনীতি ও সমাজজীবনের বিস্তৃত বিবরণ রয়েছে।এছাড়াও ই-ৎসিং সপ্তম শতাব্দীর শেষের দিকে তিনি বৌদ্ধধর্ম ও মঠজীবনের ওপর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।
আরব ও অন্যান্য বিবরণ অর্থাৎ মুসলমান পর্যটক ও ঐতিহাসিকদের বিবরণ থেকে আমরা জানতে পারি যে,আল-বিরুনি সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় তিনি ভারতে আসেন। তাঁর রচিত 'তহকক-ই-হিন্দ' বা 'কিতাব-উল-হিন্দ' তৎকালীন ভারতের বিজ্ঞান, ধর্ম, দর্শন এবং সামাজিক রীতিনীতির এক অসামান্য দর্পণ। একজন বিদেশী হয়েও তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।এছাড়াও সুলেমান ও আল-মাসুদি নবম ও দশম শতকে আরব পর্যটকরা পাল ও প্রতিহার রাজাদের সমৃদ্ধি ও বাণিজ্যিক অবস্থার কথা উল্লেখ করেছেন।
বৈদেশিক বিবরণের সীমাবদ্ধতা ও গুরুত্ব
প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিদেশী পর্যটকদের তথ্যে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। আর সেই সীমাবদ্ধতা গুলি হলো-
সংস্কৃতির ভিন্নতার কারনে অনেক ক্ষেত্রে বিদেশি লেখকরা ভারতের রীতিনীতি বুঝতে ভুল করেছেন।এছাড়াও ভাষাগত সমস্যা কারনে বা স্থানীয় ভাষা না জানায় অনেকের তথ্য শুনে শোনা বা ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে রচিত।আবার পাশাপাশি পক্ষপাতিত্ব কেউ কেউ ভারতীয়দের সম্পর্কে অতিরঞ্জিত বা অবমাননাকর মন্তব্য করেছেন।
পরিশেষে আমরা বলতে পারি যে,উপরে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক বিবরণের গুরুত্ব অনস্বীকার্য। দেশীয় সাহিত্যে অনেক সময় কালপঞ্জির অভাব দেখা যায়, কিন্তু বিদেশী লেখকরা তারিখ ও সমকালীন ঘটনার সুশৃঙ্খল বিবরণ দিয়েছেন। প্রত্নতাত্ত্বিক উপাদানের সঙ্গে এই বিদেশী সাহিত্যের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমেই প্রাচীন ভারতের ইতিহাস পূর্ণতা পেয়েছে। সুতরাং, এই বিবরণগুলি ছাড়া প্রাচীন ভারতের একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য ইতিহাস রচনা করা অসম্ভব।
এরূপ অসংখ্য বিষয় ভিত্তিক আলোচনা, ব্যাখ্যা, সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং 'Shesher Kabita Sundarbon" YouTube channel Samaresh Sir
Comments
Post a Comment