শিক্ষামূলক নির্দেশনা (Educational Guidance) ও এর প্রয়োজনীয়তা আলোচনা করো।পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU), ষষ্ঠ সেমিস্টার এডুকেশন মাইনর।
১. শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা (Definition of Educational Guidance)- নির্দেশনার যে শাখাটি মূলত শিক্ষালয়, পাঠ্যক্রম, পড়াশোনার পদ্ধতি এবং শিক্ষার্থীর শিক্ষাগত সফলতার সাথে যুক্ত, তাকে শিক্ষামূলক নির্দেশনা বলা হয়। এটি শিক্ষার্থীকে তার শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে এবং তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী শিক্ষার সর্বোচ্চ সুযোগ নিতে সাহায্য করে।আর্থার জে. জোনস এর মতে-
"শিক্ষামূলক নির্দেশনা হলো এমন এক ধরনের সহায়তা যা শিক্ষার্থীদের তাদের বিদ্যালয়, পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং বিদ্যালয়ের পরিবেশের সাথে সফলভাবে মানিয়ে নিতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে প্রদান করা হয়।"
আসলে শিক্ষামূলক নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে তার নিজের শিক্ষাগত চাহিদা এবং সেই অনুযায়ী সুযোগগুলোকে চিনতে ও বুঝতে সাহায্য করা।
২. বিদ্যালয় স্তরে শিক্ষামূলক নির্দেশনার প্রয়োজনীয়তা (Need of Educational Guidance at School Level)
আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষামূলক নির্দেশনার গুরুত্ব অপরিসীম। নিচে এর প্রধান প্রয়োজনীয়তাগুলো বিস্তারিত আলোচনা করা হলো। আর সেই আলোচনায় আমরা দেখি-
ক) সঠিক পাঠ্যক্রম ও বিষয় নির্বাচন (Selection of Curriculum & Subjects)
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে এসে শিক্ষার্থীদের সামনে বিজ্ঞানের বিভিন্ন শাখা, কলা বা বাণিজ্য বিভাগের অনেক বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে। অনেক সময় শিক্ষার্থীরা না বুঝে বা বন্ধুদের দেখাদেখি ভুল বিষয় নির্বাচন করে ফেলে, যা পরে তাদের ক্যারিয়ারে ক্ষতি করে। শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীর বুদ্ধি, আগ্রহ এবং মেধা যাচাই করে তার জন্য সবচেয়ে উপযুক্ত বিষয়টি বেছে নিতে সাহায্য করে।
খ) অপচয় ও অনুন্নয়ন রোধ (Reduction of Wastage & Stagnation)
শিক্ষায় 'অপচয়' বলতে বোঝায় পড়াশোনা শেষ না করে মাঝপথেই স্কুল ছেড়ে দেওয়া, আর অনু'ন্নয়ন বলতে বোঝায় একই ক্লাসে বারবার ফেল করে আটকে থাকা।যারফলে-
বিদ্যালয় স্তরে বহু শিক্ষার্থী সঠিক নির্দেশনার অভাবে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং এই সমস্যার শিকার হয়।আসলে শিক্ষামূলক নির্দেশনা তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সঠিক প্রতিকারমূলক শিক্ষার (Remedial Teaching) ব্যবস্থা করে এই অপচয় ও অনুন্নয়ন রোধ করে।
গ) পঠন-পাঠন পদ্ধতির উন্নয়ন (Improvement of Study Habits)।
অনেক শিক্ষার্থীর মেধা থাকা সত্ত্বেও কেবল সঠিক পড়াশোনার কৌশলের অভাবে পরীক্ষায় ভালো ফল করতে পারে না। কীভাবে সময় তালিকা (Time Table) তৈরি করতে হয়, কীভাবে নোট নিতে হয়, মনোযোগ কীভাবে বাড়াতে হয় এবং পরীক্ষার ভয় বা ভীতি কীভাবে দূর করতে হয়—সে বিষয়ে শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীদের সঠিক কৌশল শেখায়।
ঘ) বিদ্যালয়ের পরিবেশের সাথে সংগতিবিধান (Adjustment with School Environment)।
প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে বা এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হলে অনেক শিক্ষার্থী নতুন পরিবেশ, নতুন শিক্ষক এবং নতুন সহপাঠীদের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে না। এর ফলে তাদের মধ্যে একাকীত্ব বা মানসিক চাপ তৈরি হয়। নির্দেশনা তাদের এই নতুন পরিবেশের সাথে দ্রুত ও সহজভাবে সংগতিবিধান করতে সাহায্য করে।
ঙ) সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ (Participation in Co-curricular Activities)।
কেবলমাত্র চার দেওয়ালের পড়াশোনা শিক্ষার একমাত্র লক্ষ্য নয়। খেলাধুলা, গান, নাচ, অঙ্কন, বিতর্ক বা আবৃত্তির মতো সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। শিক্ষার্থীর মধ্যে কোন সুপ্ত প্রতিভাটি লুকিয়ে আছে, তা খুঁজে বের করে তাকে সেই দিকে উৎসাহিত করার কাজটি করে শিক্ষামূলক নির্দেশনা।
চ) অগ্রসর ও অনগ্রসর শিশুদের বিশেষ যত্ন (Catering to Special Children)।
একটি শ্রেণীকক্ষে যেমন অতি-মেধাবী (Gifted) শিশু থাকে, তেমনি ধীরগতিসম্পন্ন বা অনগ্রসর (Slow Learners) শিশুও থাকে।আর সেখানে মেধাবী শিশুদের মেধার সঠিক ব্যবহারের জন্য অতিরিক্ত সমৃদ্ধ পাঠ্যক্রমের নির্দেশনা প্রয়োজন।আবার অন্যদিকে-
পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষ যত্ন ও সহজ সরল পদ্ধতির নির্দেশনা প্রয়োজন। শিক্ষামূলক নির্দেশনা এই দুই ধরনের শিশুর চাহিদাই পূরণ করে।
ছ) ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি স্থাপন (Base for Career Planning)।
বিদ্যালয় স্তর থেকেই ভবিষ্যতের কর্মজীবনের বা বৃত্তির ভিত্তি তৈরি হয়। শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং তার পছন্দের বৃত্তির মধ্যে কীভাবে সামঞ্জস্য রক্ষা করা যায়, সেই প্রাথমিক ধারণাটি শিক্ষামূলক নির্দেশনার মাধ্যমেই তৈরি হয়।
পরিশেষে বলতে পারি যে, বিদ্যালয় স্তরে শিক্ষামূলক নির্দেশনা কেবল কিছু পরামর্শ দেওয়ার কাজ নয়, এটি শিক্ষার্থীর জীবনকে একটি সঠিক রূপ দেওয়ার বিজ্ঞানসম্মত পদ্ধতি।কোঠারি কমিশনের (1964-66) মতে, নির্দেশনা ছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ। তাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় স্তরে শিক্ষামূলক নির্দেশনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা, ব্যাখ্যা, টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং "Shesher kabita Sundorbon" YouTube channel SAMARESH SIR.
Comments
Post a Comment