Skip to main content

অশোকের ধর্মনীতি।সম্রাট অশোকের ধর্মনীতি আলোচনা করো। অশোকের ধর্ম কতখানি বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল আলোচনা করো।

অশোকের ধর্মনীতি।সম্রাট অশোকের ধর্মনীতি আলোচনা করো। অশোকের ধর্ম কতখানি বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার ইতিহাস মাইনর। 

      আমরা জানি যে,মৌর্য সম্রাট অশোক ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত। ২৬১ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তপাত ও ধ্বংসলীলা তাঁর হৃদয়ে গভীর পরিবর্তন আনে। শুধু তাই নয়, তিনি কলিঙ্গ যুদ্ধের পর সম্পূর্ণভাবে রাজ্যের জয় থেকে বিরত হন। অতঃপর তিনি যুদ্ধ ভেরীর স্থলে ধর্ম ভেরী গ্রহণ করেন। আর এখানে তাঁর মনে যে পরিবর্তন এসেছিল সেই পরিবর্তন বা অনুশোচনা তাকে যুদ্ধের পথ পরিহার করে শান্তির পথ অনুসরণ করতে আহ্বান জানিয়েছিল। অধ্যাপক H.C.Roychudhuri এই কারণে মন্তব্য করেছেন যে,ভারত এবং মগধের ইতিহাস কলিঙ্গ জয় এক যুগান্তকারী ঘটনা,কারণ কলিঙ্গ যুদ্ধের পরই অশোককে বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। অতঃপর-

         যুদ্ধের যুগের অবসান হয় এবং এক নতুন শান্তির যুগের সূচনা হয়।এরপর বৌদ্ধ ধর্মের অন্যতম বাণী প্রচার করা হয় যে-

    "যুদ্ধ জয় ঘৃণার উদ্রেক করে কারণ পরাজিত দেশ বা শত্রু এর ফলে দুঃখী হয়। বিশ্বের কোথাও ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না।ঘৃণাকে ভালোবাসার দ্বারা জয় করতে হয়।"

      সম্রাট অশোক ধর্মবিজয়ের নীতি গ্রহণ করার পর প্রজাদের নৈতিক ও সামাজিক উন্নতির জন্য এবং বিশাল মৌর্য সাম্রাজ্যে শান্তি ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে তিনি নীতিমালা প্রচার করেন। যে নীতিমালা ইতিহাসে 'অশোকের ধম্ম' নামে পরিচিত। সম্রাট অশোকের এই ধর্মনীতির বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। আর সেই বৈশিষ্ট্য গুলি হলো-

       অশোক তাঁর শিলালিপি ও স্তম্ভলিপিগুলিতে (বিশেষত দ্বিতীয় ও সপ্তম স্তম্ভলিপি এবং ত্রয়োদশ শিলালিপি) 'ধম্ম'-এর স্বরূপ ব্যাখ্যা করেছেন। তাঁর ধম্ম কোনো বিশেষ সাম্প্রদায়িক ধর্মমত ছিল না, বরং এটি ছিল সর্বজনীন নৈতিক আচরণবিধি। আর সেই আচরনবিধিতে আমরা যে বিষয়গুলি লক্ষ্য করি সেগুলি নিম্নসূত্রাকারে আলোচনা করে দিলাম-

   •সদাচরণ ও নৈতিকতা।অশোকের মতে, পাপকাজ থেকে বিরত থাকা (অপাসিনবে), বহুকল্যাণ সাধন করা (বহুকয়ানে), দয়া, দান, সত্যবাদিতা, পবিত্রতা ও মৃদুতা—এই গুণগুলির সমষ্টিই হলো ধম্ম।

    •গুরুজনদের প্রতি শ্রদ্ধা। পিতা-মাতা, গুরুজন, ব্রাহ্মণ ও শ্রমণদের প্রতি শ্রদ্ধা ও সেবা প্রদর্শন করা এবং দাস-দাসী ও ভৃত্যদের প্রতি সদয় আচরণ করা।

     •অহিংসা ও জীবদয়া।অশোক পশুবলি ও যজ্ঞে প্রাণিহত্যা নিষিদ্ধ করেন। প্রথম শিলালিপিতে তিনি রাজকীয় রন্ধনশালায় পশুহত্যা বন্ধ করার নির্দেশ দেন এবং জীবজন্তুর চিকিৎসার ব্যবস্থা করেন।

     •ধর্মীয় সহিষ্ণুতা। দ্বাদশ শিলালিপিতে অশোক পরধর্মসহিষ্ণুতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, নিজের ধর্মের প্রশংসা ও অন্য ধর্মের নিন্দা করা অনুচিত; বরং সকল ধর্মের সারবস্তু গ্রহণ করা উচিত।

      •লোক কল্যাণমূলক কার্যাবলি।প্রজাদের পার্থিব ও পারমার্থিক কল্যাণের জন্য তিনি রাস্তা নির্মাণ, পথের ধারে বৃক্ষরোপণ, কূপ খনন, বিশ্রামাগার প্রতিষ্ঠা এবং মানুষ ও পশুদের জন্য চিকিৎসালয় স্থাপন করেন।

      •ধম্ম মহামাত্র নিয়োগ। রাজত্বের ত্রয়োদশ বছরে তিনি 'ধম্ম মহামাত্র' নামে এক নতুন শ্রেণির রাজকর্মচারী নিয়োগ করেন, যাঁদের কাজ ছিল সাম্রাজ্যের সর্বত্র ধম্মের প্রচার এবং প্রজাদের সুখ-দুঃখ তদারকি করা।

২) বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত অশোকের 'ধম্ম'নীতি।

অশোকের ধম্ম কি বৌদ্ধ ধর্মেরই নামান্তর? না তা একটি স্বতন্ত্র নৈতিক আদর্শ?এই দুই প্রশ্ন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে মতভেদ মতানৈক্য চাই থাকুক না কেন উপরিক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি-

•বৌদ্ধ ধর্মের প্রভাবের সপক্ষে যুক্তিঃ কলিঙ্গ যুদ্ধের পর অশোক উপগুপ্ত বা মোগ্গলিপুত্ত তিস্সের প্রভাবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। ভব্রু শিলালিপিতে তিনি বুদ্ধ, ধম্ম ও সংঘের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।ভয়াবহ কলিঙ্গ যুদ্ধের পর মানসিক পরিবর্তনের ফলে সম্রাট অশোক বৌদ্ধ গুরুদের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তাঁর 'ভব্রু শিলালিপি'-তে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের প্রতি নিজের গভীর ভক্তির কথা লিপিবদ্ধ করে গেছেন।আর সেখানে-

        অশোকের ধম্মের অহিংসা, জীবদয়া, সত্যবাদিতা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধার আদর্শগুলি বৌদ্ধ ধর্মের 'পঞ্চশীল' ও 'অষ্টাঙ্গিক মার্গ'-এর নৈতিক শিক্ষার সাথে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। শুধু তাই নয়,তাঁর আমলেই পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় এবং তিনি সিংহল (শ্রীলঙ্কা), ব্রহ্মদেশ ও মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্মপ্রচারক পাঠান।

•বৌদ্ধ ধর্ম থেকে স্বাতন্ত্র্যের সপক্ষে যুক্তিঃ আধুনিক ঐতিহাসিকগণ বিশেষ করে ডঃ রোমিলা থাপার, ডঃ হেমচন্দ্র রায়চৌধুরী, এবং ডঃ ভিনসেন্ট স্মিথ মনে করেন যে, অশোকের ধম্ম সরাসরি বৌদ্ধ ধর্ম ছিল না। আর তার প্রধান কারণগুলি হলো-

     •বৌদ্ধ তত্ত্বের অনুপস্থিতি। অশোকের শিলালিপিতে বৌদ্ধ ধর্মের মূল দার্শনিক ভিত্তি যেমন- 'চতুরার্য সত্য', 'অষ্টাঙ্গিক মার্গ', 'প্রতীত্যসমুৎপাদ তত্ত্ব' বা 'নির্বাণ' লাভের কোনো উল্লেখ নেই। এর পরিবর্তে তিনি ধম্ম পালনের ফল হিসেবে 'স্বর্গলাভ'-এর কথা বলেছেন, যা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ছিল।

    • সর্বধর্ম সমন্বয়। অশোক তাঁর প্রজাদের বৌদ্ধ ধর্ম গ্রহণের জন্য কখনো চাপ দেননি। বরং তিনি ব্রাহ্মণ, আজীবিক, জৈন ও বৌদ্ধ—সকল সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধা ও দানশীলতা প্রদর্শন করেছেন (যেমন— বরাবর পাহাড়ে আজীবিক সন্ন্যাসীদের গুহা দান)।

      • রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা। ডঃ রোমিলা থাপারের মতে, বিশাল ও বৈচিত্র্যময় মৌর্য সাম্রাজ্যে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষ বসবাস করত। এই বিশাল সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ রাখতে এবং সামরিক শক্তির পরিবর্তে একটি সাধারণ নৈতিক আদর্শের মাধ্যমে শাসন পরিচালনা করতে অশোক এই 'ধম্ম' নীতি উদ্ভাবন করেছিলেন।

       পরিশেষে আমরা বলতে পারি যে, সম্রাট অশোক ব্যক্তিগত জীবনে একজন নিষ্ঠাবান বৌদ্ধ উপাসক ছিলেন এবং তাঁর ধম্মের নৈতিক ভিত্তি বৌদ্ধ ধর্মের মানবতাবাদী আদর্শ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। তবে শাসক হিসেবে তিনি যে 'ধম্ম' প্রচার করেছিলেন, তা কোনো সংকীর্ণ সাম্প্রদায়িক ধর্ম ছিল না। তা ছিল সকল ধর্মের সারসত্য নিয়ে গঠিত এক সর্বজনীন সামাজিক ও নৈতিক আচরণবিধি, যার মূল লক্ষ্য ছিল বিশ্বমানবতার কল্যাণ ও সাম্রাজ্যের সংহতি রক্ষা।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 Samaresh Sir Hingalganj North 24 Parganas.

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

মনসামঙ্গল কাব্য।। মনসামঙ্গল কাব্য অবলম্বনে চাঁদ সওদাগরের চরিত্র বিশ্লেষণ করো।

মনসামঙ্গল কাব্য।। মনসামঙ্গল কাব্য অবলম্বনে চাঁদ সওদাগরের চরিত্র বিশ্লেষণ করো।পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মেজর ও মাইনর/কোর।       আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ সংযোজন হলো মনসামঙ্গল কাব্য।আর এই কাব্যের কেন্দ্রীয় পুরুষ চরিত্র চাঁদ সওদাগর। মধ্যযুগীয় ভক্তিপ্রধান ও দেব-মহিমা প্রচারকারী কাব্যের ধারায় চাঁদ সওদাগর হলেন এক ব্যতিক্রমী বিদ্রোহী চরিত্র। তিনি দেবীর অনুগ্রহপ্রার্থী কোনো দুর্বল ভক্ত নন, বরং আত্মমর্যাদাসম্পন্ন, জেদি, কঠোর ব্যক্তিত্বের এক মানবরত্ন, যিনি ভাগ্যের নির্মম পরিহাসের সামনেও নিজ সিদ্ধান্তে অবিচল ছিলেন। আসলে চাঁদ সওদাগর হলেন-         শিবভক্ত ও আত্মমর্যাদা সম্পন্ন বণিক । চাঁদ সওদাগর ছিলেন চম্পক নগরের এক ধনী ও প্রভাবশালী বণিক। তিনি দেবদেবীর মধ্যে কেবল মহাদেব শিবের একনিষ্ঠ উপাসক ছিলেন। সমকালীন সমাজে যখন লৌকিক দেবী মনসার পূজা বিস্তার লাভ করছে, তখন চাঁদ সওদাগর নিজের আত্মসম্মান ও শিবভক্তির প্রতি অবিচল থেকে মনসাকে "কাণো হরিঝি" (একচোখে কানা...